বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তিনি বলেন, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি অনাকাঙ্ক্ষিত।


\r\n

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা জানাতে আসা মিলার হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি প্রথম আলো ভবনের পরিস্থিতি নিজ চোখে দেখেন এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ঘটনার বিস্তারিত ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।


\r\n

মাইকেল মিলার বলেন, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোর ভবনে সংঘটিত অগ্নিসংযোগের পর পত্রিকাটির সব সাংবাদিকের প্রতি সংহতি জানাতেই আমি এখানে এসেছি। এই হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ওপর আঘাত। নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব আরও বেড়ে যায়, তাই এর প্রতি বিশেষ মনোযোগ দেয়া জরুরি। আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”


\r\n

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এ সময় আপনাদের দৃঢ় থাকতে হবে। নিজেদের পায়ে উঠে দাঁড়িয়ে প্রকাশনা চালিয়ে যেতে হবে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, তা নিশ্চিত করতে সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে এবং সব পক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে।”


\r\n

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপ–সম্পাদক লাজ্জাত এনাব মহসি ও হেড অফ অনলাইন শওকত হোসেন উপস্থিত ছিলেন।